প্রিন্ট এর তারিখঃ Nov 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2026 ইং
টাঙ্গাইলে তিন বছরের শিশুকে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন কারাদণ্ড

আপন আর্য্য, টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে তিন বছর বয়সী এক শিশুকে হত্যার দায়ে তার সৎ মাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) টাঙ্গাইলের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত নারীর নাম সাবরিন নাহার সিনথি। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়ণপুর গ্রামের মো. আলাউদ্দিনের মেয়ে। নিহত শিশু সাইফের বাবা সালাউদ্দিন ইমনের দ্বিতীয় স্ত্রী তিনি।
মামলার বিবরণে জানা যায়, ২০২০ সালের ১৮ জানুয়ারি সন্ধ্যায় টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা এলাকায় নিজেদের বাসায় টেলিভিশন দেখছিল শিশু সাইফ। টেলিভিশনের শব্দ বেশি হওয়ায় ক্ষুব্ধ হন তার সৎ মা। একপর্যায়ে শিশুটিকে পাশের কক্ষে ডেকে নিয়ে ওড়না দিয়ে তার হাত ও নাক-মুখ বেঁধে ফেলেন তিনি।
এতে শিশুটি নিস্তেজ হয়ে পড়লে ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হয়। পরে শিশুটির হাত-পা বেঁধে বাথরুমে নিয়ে পানিভর্তি বালতিতে মাথা ডুবিয়ে তার মৃত্যু নিশ্চিত করা হয়। এরপর ডাকাতির ঘটনা ঘটেছে বলে বোঝাতে ঘরের আসবাবপত্র এলোমেলো করে স্বামীকে ফোনে ডাকাতির কথা জানানো হয়।
এ ঘটনায় নিহত শিশুর দাদা মোহা. সরোয়ার হোসেন বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করেন। তদন্তের একপর্যায়ে পুলিশের সন্দেহ হলে সাবরিন নাহার সিনথিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেন এবং পরে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
মামলাটির তদন্ত শেষে টাঙ্গাইল সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রতীমা রানী তরফদার ২০২৬ সালের ১৪ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে আদালত মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত সাবরিন নাহার সিনথিকে টাঙ্গাইল জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দেশ বাংলা টিভি নিউজ